বুয়েট ছাত্র সানি হত্যা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ৪৩ বার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। আগামী ৬ অক্টোবর প্রতিবেদন জমার নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৪৩ বারের মতো পেছাল।
রোববার (৬ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মাঝহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ জুলাই বিকেলে ঢাকার দোহার থানার মৈনট ঘাটে ১৫ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হন সানি। তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রাজধানীর হাজারীবাগে।
নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডুবুরি দল সানির সন্ধানে অভিযান শুরু করে। ওইদিন রাতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরদিন ১৫ জুলাই সকাল ১১টা ২৬ মিনিটে মৈনট ঘাট থেকে সানির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওইদিন বিকেলে সানির বড় ভাই হাসানুজ্জামান বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আসামি করা হয়। মামলার পর তাদের গ্রেপ্তার করা হলেও বর্তমানে সবাই জামিনে রয়েছেন।
মামলার আসামিরা হলেন—শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।