সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়রাজনীতিতে সংঘাত নয়, আলোচনা-সমঝোতার আহ্বান রাষ্ট্রপতির

রাজনীতিতে সংঘাত নয়, আলোচনা-সমঝোতার আহ্বান রাষ্ট্রপতির

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজনীতিতে সংঘাত নয়, আলোচনা-সমঝোতার আহ্বান রাষ্ট্রপতির

রাজনীতির নামে কোনো ধরনের সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সমাজের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।


রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।


তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে কলকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই কৃষি খাতে বিনিয়োগকারী আনার উদ্যোগও নেওয়া হবে।


রাষ্ট্রপ্রধান বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ ঝামেলা পছন্দ করেন না। সবাই যার যার রাজনীতি করবেন, তবে কোনো ধরনের সংঘাতে না জড়ানোর আহ্বান জানান তিনি।


এ সময় ঠাকুরগাঁওয়ে একটি স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে বলেও জানান রাষ্ট্রপতি।


এর আগে দুপুর সোয়া ১টার দিকে সার্কিট হাউসে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। পরে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের সমাধিতে দোয়া করেন।


এর আগে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। দুই দিনের সফর শেষে আগামীকাল তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।