নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার গাড়িতে লং মার্চে: রাশেদ খান
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্যারাডো গাড়িতে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী নিয়মিত আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পদ দখলের কথা বলতেন। গত শনিবারের লং মার্চে আওয়ামী লীগ নেতার প্যারাডো গাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর অংশ নেওয়ার মধ্য দিয়ে তার ‘কিছুটা নমুনা’ পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের আকাঙ্ক্ষা থেকে গাড়িটি দখল করা হয়েছে—তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও প্রশ্ন করেন, লং মার্চে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা ‘গণহত্যার বিচারের’ দাবিতে কোনো বক্তব্য না থাকার কারণ কী।
রাশেদ খানের দাবি, ওই লং মার্চের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা। এ জন্য সেখানে উসকানিমূলক স্লোগান দেওয়া এবং লাঠিসোঁটা নিয়ে অংশ নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের ‘পাতানো ফাঁদে’ পা দেয়নি বলে দাবি করেন রাশেদ খান।
শেষে তিনি প্রশ্ন তোলেন, এ বিষয়ে এনসিপি দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেয় কি না।