মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়২৪ ঘণ্টার বেশি গোপনে আটক রাখলে তা গুম হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

২৪ ঘণ্টার বেশি গোপনে আটক রাখলে তা গুম হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টার বেশি গোপনে আটক রাখলে তা গুম হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখার পর তার পরিবারকে বিষয়টি না জানালে তা গুম হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।


সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


চিফ প্রসিকিউটর বলেন, ২৪ ঘণ্টা পার হওয়ার পরও কোনো ব্যক্তিকে আটক রাখা হলে এবং তাকে আইনি লড়াইয়ের সুযোগ না দেওয়া হলে, ওই সময়টুকু গুম হিসেবে বিবেচিত হবে।


তিনি জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন জাতীয় সংসদে পাস হয়েছে। ওই আইনে গুমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সে অনুযায়ী কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার বা আটক করার পর তার অবস্থান কিংবা কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে তথ্য গোপন করলে, অজ্ঞাত স্থানে আটক রাখলে অথবা আইনি সুবিধা থেকে বঞ্চিত করলে তা স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।


আমিনুল ইসলাম আরও বলেন, আইনে গুমের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনার জন্যও পৃথক শর্ত রাখা হয়েছে। কোনো গুম ব্যাপকভাবে সংঘটিত হলে অথবা একই ধরনের প্যাটার্ন বা পদ্ধতি অনুসরণ করে সংঘটিত হলে সেটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে।


এ ধরনের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।