মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়২০২৬ সালের তুলনায় কমল ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ

২০২৬ সালের তুলনায় কমল ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ

favicon
সাইফুল আলম মিরাজ
২০২৬ সালের তুলনায় কমল ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ

সাধারণ মানুষের জন্য হজকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।


সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আনিসুর রহমানের (মাদারীপুর-৩) এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, ২০২৭ সালের হজ প্যাকেজের সম্ভাব্য ব্যয় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে নির্ধারণ করা হয়েছে।


তিনি জানান, হজ ব্যবস্থাপনা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া। মোট ব্যয়ের প্রায় ৭৫ শতাংশ সৌদি আরব অংশে ব্যয় হয়। এর মধ্যে মিনা ও আরাফাতে তাঁবু ভাড়া, স্থানীয় পরিবহন, মিনা, মক্কা ও মদিনায় আবাসন, কোরবানি, ভিসা এবং স্বাস্থ্য বীমা ফি রয়েছে। বাকি প্রায় ২৫ শতাংশ ব্যয় বাংলাদেশের অংশে, যার বড় অংশ বিমান ভাড়ায় খরচ হয়।


ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালে খাবারের খরচ বাদ দিয়ে সরকারের সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। তবে ২০২৭ সালে হজযাত্রীদের সুবিধার জন্য মূল প্যাকেজের সঙ্গে খাবারের খরচও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্যাকেজের ব্যয় বেড়েছে ৩৯ হাজার ৫০৮ টাকা।


এ ছাড়া সৌদি সরকার মিনা ও আরাফাতে আগের সর্বনিম্ন ‘ডি-ক্যাটাগরি’ সেবা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় হজের ব্যয় আরও ৭০০ সৌদি রিয়াল বা প্রায় ২৩ হাজার ২৪০ টাকা বেড়েছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের কারণেও ব্যয় বেড়েছে ৩ হাজার ৮২৫ টাকা।


মন্ত্রী জানান, এসব অতিরিক্ত ব্যয় যুক্ত করার পর আগের বছরের প্যাকেজ কাঠামো অপরিবর্তিত থাকলে ২০২৭ সালের সর্বনিম্ন হজ প্যাকেজের খরচ দাঁড়াত ৫ লাখ ৩৩ হাজার ৭৪০ টাকা।


তবে সরকারের উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো সম্ভব হয়েছে। এ বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, একবারে এত পরিমাণ বিমান ভাড়া কমানো বর্তমান সরকারের একটি ‘যুগান্তকারী মাইলফলক’।


এ ছাড়া ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে স্থানীয় ও প্রশাসনিক বিভিন্ন খাতেও ব্যয় কমানো হয়েছে। ফলে নতুন ব্যয় যুক্ত হওয়ার পরও ২০২৭ সালের জন্য পুনর্নির্ধারিত সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।


ধর্মমন্ত্রী আরও জানান, হজের সেবা ও মূল্যসংক্রান্ত সৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা জোরদার করেছে।


মিনা ও আরাফাতে বাংলাদেশি হাজিদের জন্য আগের সর্বনিম্ন সেবা প্যাকেজ বহাল রাখা এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত আবাসন বা ব্যাকআপ কোটা ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করার বিষয়েও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।


এসব কূটনৈতিক উদ্যোগ সফল হলে ভবিষ্যতে হজের সার্বিক ব্যয় আরও কমানো এবং বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।