মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়বাঁধনের ওপর হামলা: সরকারের ভেতরে কারা ফ্যাসিবাদের ‘সফট পাওয়ারকে’ জায়গা দিচ্ছে, প্রশ্ন ফারুকীর

বাঁধনের ওপর হামলা: সরকারের ভেতরে কারা ফ্যাসিবাদের ‘সফট পাওয়ারকে’ জায়গা দিচ্ছে, প্রশ্ন ফারুকীর

favicon
ভোরের আলো ডেস্ক:
বাঁধনের ওপর হামলা: সরকারের ভেতরে কারা ফ্যাসিবাদের ‘সফট পাওয়ারকে’ জায়গা দিচ্ছে, প্রশ্ন ফারুকীর

ইতালিতে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হেনস্তা ও হামলার অভিযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ প্রসঙ্গে তিনি সরকারের ভেতরে কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে’ জায়গা দিচ্ছে এবং তাদের ‘এমপাওয়ার’ করছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব মন্তব্য করেন ফারুকী।


পোস্টে তিনি আওয়ামী লীগের পুনর্বাসন ও বিভিন্ন গণমাধ্যমে তাদের ‘স্পেস’ দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক শক্তির সমালোচনা করেন। তার দাবি, জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের পুনর্বাসনের চেষ্টা এবং তাদের সমর্থকদের গণমাধ্যমে সুযোগ দেওয়ার কারণে আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরি হয়েছে।


ফারুকী বলেন, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর নিজেদের রাজনৈতিক ক্ষমতার লড়াইয়েও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ‘বুদ্ধিবৃত্তিক অপরাধীদের’ বিচার বা তিরস্কারের আওতায় আনা সম্ভব হয়নি।


তিনি আরও অভিযোগ করেন, সরকারের একটি অংশ গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনকে আওয়ামী লীগ ও সিআরআইয়ের ‘হেফাজতে’ তুলে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, সরকারের ভেতরে কারা ফ্যাসিবাদের ‘সফট পাওয়ারকে’ জায়গা দিচ্ছে এবং কারা তাদের ক্ষমতায়িত করছে, তা খোঁজ নেওয়া প্রয়োজন।


ফারুকী আরও প্রশ্ন তোলেন, সাংস্কৃতিক ও গণমাধ্যমকেন্দ্রিক বিভিন্ন গোষ্ঠীর যোগাযোগমাধ্যমের গ্রুপে কী ধরনের আলোচনা ও পরিকল্পনা হচ্ছে এবং সেগুলো কীভাবে গণমাধ্যমে ‘প্রোপাগান্ডা’ হিসেবে আসছে, সে বিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অবগত কি না।


তিনি বলেন, জুলাইয়ের ঘটনাকে সাধারণ সরকার পরিবর্তনের ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, জুলাইয়ে গণহত্যা হয়েছে এবং তার আগে ১৬ বছর ধরে গুম-খুনসহ নানা ঘটনা ঘটেছে।


পোস্টের শেষ দিকে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনকে উদ্দেশ করে ফারুকী লেখেন, ‘মনোবল হারাবেন না, বাঁধন।’


এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির একটি সড়কে কয়েকজন বাঙালি যুবক তার দিকে এগিয়ে আসেন। এ সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় এবং একজন তাকে মারতে উদ্যত হন।


পরে ফেসবুক লাইভে এসে বাঁধন জানান, ভেনিসে ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে যাওয়ার পর একদল প্রবাসী বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।


তার অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তোলেন, ফোন কেড়ে নিয়ে ফেলে দেন এবং কানের পাশে আঘাত করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটিও আতঙ্কিত হয়ে চিৎকার করছিল।


বাঁধনের দাবি, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত।