বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়খাবারের খরচ যুক্ত করেও ২০২৭ সালের হজ প্যাকেজের দাম কমাল সরকার

খাবারের খরচ যুক্ত করেও ২০২৭ সালের হজ প্যাকেজের দাম কমাল সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
খাবারের খরচ যুক্ত করেও ২০২৭ সালের হজ প্যাকেজের দাম কমাল সরকার

পবিত্র হজ পালন আরও সহজ ও সাশ্রয়ী করতে ২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য কমিয়েছে সরকার। এবার প্যাকেজের সঙ্গে খাবারের খরচ যুক্ত করার পরও আগের বছরের তুলনায় হজের মোট ব্যয় কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ)।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং হজের ব্যয় কমাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ধর্মমন্ত্রী।


তিনি জানান, ২০২৬ সালের তুলনায় বিমান ভাড়া ও অন্যান্য ব্যয় কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ পুনর্বিন্যাস করা হয়েছে।


২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালে ৭৫ হাজার ৩৫৪ টাকা কমিয়ে এই প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা। এর মধ্যে খাবারের জন্য ৩৯ হাজার ১৩৬ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।


অন্যদিকে, ২০২৬ সালে হজ প্যাকেজ-২-এর মূল্য ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। এবার ৫৩ হাজার ২৩৩ টাকা কমিয়ে এই প্যাকেজের মূল্য করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে খাবারের জন্য ২৯ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে।


ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৭ সালে তা ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


তিনি বলেন, সময়ের সঙ্গে সাধারণত সেবামূলক ব্যয় বাড়লেও হাজিদের আর্থিক সুবিধার কথা বিবেচনায় নিয়ে হজ প্যাকেজ ও বিমান ভাড়া কমানো সরকারের একটি ব্যতিক্রমী সাফল্য।


ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৩৮১ জন হজযাত্রী সৌদি আরব সফর করেন। সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে নির্ধারিত ব্যয়ের তুলনায় ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত ছিল।


কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (BEFTN) পদ্ধতিতে ওই অর্থ সংশ্লিষ্ট হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।


সৌদি আরবের হজমন্ত্রীও বাংলাদেশের সাম্প্রতিক সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, হাজিদের সেবায় সরকারের সততা ও মানবিকতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।