পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারি উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।
সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণ রোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ ছাড়া পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সভায় তা নিয়েও আলোচনা হয়।