জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও সুন্দর হবে: সিইসি
###
জাতীয় সংসদ নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচনও সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচি শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের মতো পুলিশ বাহিনীও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন থেকে পুলিশ বাহিনীকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে না। আইন অনুযায়ী যারা প্রার্থী হওয়ার যোগ্য বিবেচিত হবেন, তারাই প্রার্থিতা পাবেন।