‘মুক্ত গণমাধ্যম পাবেন, হস্তক্ষেপের ইচ্ছা নেই’: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সংবাদমাধ্যম আছে বলেই দেশের আজকের যত অর্জন। সাংবাদিকদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নেই।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘সংবাদমাধ্যম আছে বলেই আজকে আমাদের যত অর্জন। আমাদের সময়ে আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন। আপনাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা আমাদের নেই।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, সাংবাদিকতা অত্যন্ত কঠিন একটি পেশা। সাংবাদিকদের দায়িত্ব অনেক ক্ষেত্রে রাজনীতিবিদদের চেয়েও কঠিন।
তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখা গেলে কোনো সমস্যা হয় না। দায়িত্ব পালনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা থাকলে কাজও সহজ হয়ে যায়।
সাংবাদিকতার ইতিহাস তুলে ধরে আব্দুল মঈন খান বলেন, রাষ্ট্র পরিচালনায় আগে রাজা, চার্চ ও পার্লামেন্ট—এই তিনটি শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সে সময় সাংবাদিকেরা পার্লামেন্টে প্রবেশের সুযোগ পেতেন না।
তিনি বলেন, সাংবাদিকেরা যখন পার্লামেন্টে প্রবেশের সুযোগ পান, তখন থেকেই সাংবাদিকতাকে ‘ফোর্থ স্টেট’ বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করা শুরু হয়।
অনুষ্ঠানে সাংবাদিকতার স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা নিয়ে বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন।