প্রাথমিক শিক্ষায়ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে: ববি হাজ্জাজ
দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি প্রাথমিক শিক্ষাব্যবস্থায়ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার পিটিআইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘জবাবদিহিতা, কার্যকর বিদ্যালয় নেতৃত্ব, দলগত সমন্বয় ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সব শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা সরকারের অন্যতম বড় দায়িত্ব। শিশুদের নৈতিকতা ও দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে মিড ডে মিল, বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শুধু এসব উদ্যোগ গ্রহণ করলেই হবে না, এর সুফল যাতে প্রতিটি শিক্ষার্থী পায়, তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি প্রয়োজন। এ জন্য শিক্ষক ও শিক্ষার্থীদেরও মনিটরিংয়ের আওতায় আনা হবে।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় নেওয়া বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি বিভাগসহ মনিটরিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় নেতৃত্ব, শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয় এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।