শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়‘শুধু নাম-পোশাক বদল নয়, নতুন বাহিনীর আচরণেও পরিবর্তন চাই’: রুমিন

‘শুধু নাম-পোশাক বদল নয়, নতুন বাহিনীর আচরণেও পরিবর্তন চাই’: রুমিন

favicon
সাইফুল আলম মিরাজ
‘শুধু নাম-পোশাক বদল নয়, নতুন বাহিনীর আচরণেও পরিবর্তন চাই’: রুমিন

র‌্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের পর সেটির শুধু নাম ও পোশাক পরিবর্তন হোক, কিন্তু কার্যক্রম ও আচরণ আগের মতোই থাকুক—এমনটি চান না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


রুমিন ফারহানা বলেন, র‌্যাব বিলুপ্তির বিষয়ে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু ঐকমত্যই ছিল না, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত এই বাহিনী বিলুপ্তির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল।


তিনি বলেন, র‌্যাবের পরিবর্তে যে নতুন সংস্থা গঠন করা হচ্ছে, সেটি যেন কেবল নাম ও পোশাক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। শুধু পোশাক পরিবর্তন করে আগের কার্যক্রম ও আচরণ একই রাখলে সেই পরিবর্তনের কোনো অর্থ থাকবে না।


এপিবিএন বিলের ওপর নিজের বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, অতীতে বাংলাদেশে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মানুষকে নানা ধরনের হয়রানি, নির্যাতন ও ভয়ভীতির মধ্যে থাকতে হয়েছে। ভবিষ্যতে কোনো রাষ্ট্রীয় সংস্থার কাছ থেকে এ ধরনের আচরণ আর দেখতে চান না তিনি।


তিনি আরও বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে। পুলিশ, র‌্যাব কিংবা অন্য কোনো রাষ্ট্রীয় বাহিনী যেন নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে দায়িত্ব পালন করতে পারে এবং দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে, তা নিশ্চিত করা জরুরি।


এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন রুমিন ফারহানা।