শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালতড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজ করে দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।


এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট।


বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।


পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। এ দাবির বিরুদ্ধে ২০১৭ সালে পৃথক দুটি রিট দায়ের করে গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।


বৃহস্পতিবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্টের নতুন বেঞ্চ। ফলে এনবিআরের দাবি বহাল থাকল এবং গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা আদায়ের সুযোগ তৈরি হলো।


রায়ের পর গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর সাংবাদিকদের বলেন, এনবিআরের কর দাবিকে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে রিট করেছিলেন। আদালত বৃহস্পতিবার সেই রুল খারিজ করে দিয়েছেন। ফলে এনবিআরের দাবিই বহাল রয়েছে।