ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই সেই অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা চালানো হবে জানিয়ে তারেক রহমান বলেন, শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রত্যেক নাগরিক প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও উল্লেখ করেন তিনি।
যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। নিজেদের বাড়ি, আশপাশের এলাকা ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে পরিবর্তন সম্ভব। এবার রাষ্ট্রকে পরিবর্তন করার সময় এসেছে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।