ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনমুক্ত সমাজ গড়তে কাজ করবে মহিলা দল: রিজভী
সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মুছে দিতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির আগে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনোভাবেই অযোগ্য নন। তারা পুরুষদের পাশাপাশি সমান দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে সক্ষম।
এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
নারীদের জন্য ফ্যামিলি কার্ডকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, নারী ক্ষমতায়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রিজভী আরও বলেন, নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সমাজ থেকে ধর্ষণ এবং নারী ও শিশুর ওপর নির্যাতন দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।