রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়রাষ্ট্র গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

favicon
সাইফুল আলম মিরাজ
রাষ্ট্র গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও রাষ্ট্র গঠনে সরকার সর্বোচ্চ চেষ্টা ও উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশ গঠনের কাজে উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন তিনি।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।


প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে। তবে রাষ্ট্র গঠনের এই প্রক্রিয়ায় শুধু সরকারের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। উদ্যোক্তা, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।


দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার ও পরীক্ষামূলক পর্যায় থেকে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। একই সঙ্গে উদ্ভাবনকে সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।


‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নিয়েছেন। তারা এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করছেন। উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের মধ্যে সংযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।


মেলায় বিভিন্ন উদ্ভাবন ও প্রেজেন্টেশন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রদর্শিত বিভিন্ন উদ্যোগ ও উদ্ভাবনের প্রশংসা করেন এবং দেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।


প্রধানমন্ত্রী বলেন, দেশীয় মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ জন্য উদ্ভাবকদের প্রয়োজনীয় সহযোগিতা ও বাজারসুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।