রবিউস সানি মাসের চাঁদ দেখা নিয়ে শনিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের তারিখ নির্ধারণে শনিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে, অর্থাৎ বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, শনিবার দেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে ওই দিন রবিউল আউয়াল মাসের ২৯ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাসের গণনা শুরু হবে।
অন্যদিকে, শনিবার চাঁদ দেখা না গেলে রোববার রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে সোমবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।
দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে বৈঠকে রবিউস সানি মাস শুরুর তারিখ চূড়ান্ত করা হবে।