রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়ইসলামিক ফাউন্ডেশনকে ঘুষ-দুর্নীতিমুক্ত করতে হবে: ধর্মমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনকে ঘুষ-দুর্নীতিমুক্ত করতে হবে: ধর্মমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
ইসলামিক ফাউন্ডেশনকে ঘুষ-দুর্নীতিমুক্ত করতে হবে: ধর্মমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনকে ঘুষ, দুর্নীতি ও অনিয়মমুক্ত করে একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ধর্মমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ইসলামিক ফাউন্ডেশনের মূল কার্যক্রম ব্যাহত হয়েছিল। প্রতিষ্ঠানটিকে দলীয়করণ ও মুজিবীকরণের দিকে নেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতি থেকে ইসলামিক ফাউন্ডেশনকে বের করে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান ধর্মমন্ত্রী।


তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে দেশের সব ইমাম ও মুয়াজ্জিনকে এ ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।


হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিমান ভাড়া কমানো না হলেও বর্তমান সরকার হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের যাত্রীসেবার মান উন্নত করার উদ্যোগও নেওয়া হয়েছে।


অনুষ্ঠান শেষে ধর্মমন্ত্রী বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন। এবারের মেলায় দেশি-বিদেশি ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।