সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালতশিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্র বৈধ নয়: হাইকোর্ট

শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্র বৈধ নয়: হাইকোর্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্র বৈধ নয়: হাইকোর্ট

কোনো শিক্ষকের কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার কোনো আইনি বৈধতা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া শিক্ষককে অবিলম্বে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।


আদালতের নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও রায়ে সতর্ক করা হয়েছে।


‘মো. আলকাছ উদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র’ মামলার রায়ে এ নির্দেশনা দেওয়া হয়।


মামলা সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।


রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২০ আগস্ট রুল নিষ্পত্তি করে এ রায় দেন।


সম্প্রতি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। রায়ের মূল অংশ লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইকবাল কবির।


আদালত স্পষ্টভাবে বলেছেন, কোনো শিক্ষককে চাপ প্রয়োগ বা জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হলে সেই পদত্যাগ আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না। এ ধরনের পদত্যাগের ভিত্তিতে শিক্ষককে পদচ্যুত করাও বৈধ নয়।


রায়ে সংশ্লিষ্ট শিক্ষককে স্বপদে পুনর্বহালের পাশাপাশি আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।