ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের সুযোগ
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ ও অ্যাপের মাধ্যমে এ বিষয়ে নোটিফিকেশন পাঠানো হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোটিফিকেশন পাওয়ার পর প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে ভোট দেওয়ার সম্মতি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে জানাতে হবে। আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এ সম্মতি গ্রহণ করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। এর মাধ্যমে তারা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। পরে ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তাঁর শপথ গ্রহণের পর আসনটি শূন্য হয়।