ডেঙ্গু নিয়ন্ত্রণে মিরপুরে ডিএনসিসির বিশেষ অভিযান
দেশজুড়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ উপলক্ষে এডিস মশার লার্ভা ধ্বংসে রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) মিরপুরের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।
অভিযানে এডিস মশার বংশবিস্তার রোধে বিভিন্ন বাসাবাড়ি ও আশপাশের ড্রেনে মশার লার্ভানাশক স্প্রে করা হয়। একই সঙ্গে নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে এলাকায় মাইকিং করা হয়।
অভিযান ও পরিদর্শনকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সচেতনতার পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে এবং নিয়মিতভাবে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে কিংবা পরিচ্ছন্নতায় অবহেলা দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানাও করা হবে।