সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার।
রোববার (১৩ সেপ্টেম্বর) পরিবারের পক্ষে বাদী নওশের রোমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের হাতে এ অভিযোগ তুলে দেন।
অভিযোগ গ্রহণের সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পরিবারকে আশ্বস্ত করে বলেন, তদন্তে তথ্য যাচাই-বাছাই করে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে তা টাস্কফোর্সের কাছে হস্তান্তর করা হবে।
হাইকোর্টের নির্দেশে সাগর-রুনি হত্যা মামলাটি বর্তমানে একটি টাস্কফোর্স তদন্ত করছে।
এদিকে, দীর্ঘদিন ধরে তদন্ত চললেও এখনো মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। তদন্ত কর্মকর্তা নিম্ন আদালতে প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১২৯ বার সময় নিয়েছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের শিকার হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষ হয়নি।