আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ইউনিট-২ বন্ধ হয়ে যাওয়ার পর কয়েক দিন পর আবারও কেন্দ্রটির দুটি ইউনিট সচল হলো।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কারিগরি ত্রুটিতে বন্ধ থাকা ইউনিট-২ চালু করা হয়। এরপর জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করে সেখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়ও চাপ তৈরি হয়।
এর আগে কেন্দ্রটির দুটি ইউনিট থেকে ঘণ্টায় এক হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হওয়ার পর সরবরাহ নেমে আসে ৭৫৮ মেগাওয়াটে।
গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী কেন্দ্রটি থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ড রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, দুই ইউনিট থেকেই বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি কিছুটা কমবে এবং বিদ্যুৎ পরিস্থিতির ওপর চাপও কমবে।