প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন সময় অক্টোবরে
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন সময় অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি ফেনী সফর করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই সফরের সব প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
এদিকে সফর পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদিত এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর উদ্বোধন করবেন বলে জানা গেছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।