সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগের অনুসন্ধানে দুদক

আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগের অনুসন্ধানে দুদক

favicon
ভোরের আলো ডেস্ক:
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগের অনুসন্ধানে দুদক

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নতুন করে আরও কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতিতে অর্থ লেনদেন, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়া এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে এ অনুসন্ধান শুরু হয়েছে।


রোববার (১৩ সেপ্টেম্বর) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, নতুন অভিযোগগুলো অনুসন্ধানের অনুমোদন ইতোমধ্যে দিয়েছে কমিশন।


দুদকে করা অভিযোগে দাবি করা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা এবং সারাদেশে ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের সঙ্গে আসিফ মাহমুদ জড়িত ছিলেন।


এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে টেন্ডার বাণিজ্য এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।


অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।


একইভাবে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিকভাবে ব্যয় বাড়ানো এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে এক হাজার ২০০ কোটি টাকা ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগও করা হয়েছে।


তবে এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুদকের অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে।