সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।


নিউইয়র্ক সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক হয়ে থাকে।


তিনি বলেন, প্রধানমন্ত্রী কখন যাবেন এবং কার কার সঙ্গে তাঁর সাক্ষাৎ বা বৈঠক হবে, তা সময়মতো জানানো হবে। কোনো কিছুই গোপন রাখা হবে না।


এদিকে দ্বিপক্ষীয়ভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দিল্লির সঙ্গে ঢাকা একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়।


বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সীমান্তে বেসামরিক মানুষের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা চলছে।


এ ছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।