জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের কর্মসূচি বিস্তারিতভাবে পরে জানানো হবে। ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রীকে ব্যস্ত সময় কাটাতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন বাংলাদেশের ভিশন বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে—এই প্রেক্ষাপটে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, সে বিষয়েও বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর ভাষণে বিশ্বশান্তি, সংঘাত নিরসন ও টেকসই সমাধানে বাংলাদেশের ভূমিকার বিষয়ও গুরুত্ব পেতে পারে বলে জানান হুমায়ুন কবির। পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ, স্থানীয় অর্থনীতিতে মানুষের আকাঙ্ক্ষা সৃষ্টি, বিভিন্ন নীতিগত উদ্যোগ, জলবায়ু নিরাপত্তা এবং জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নেতৃত্বের বিষয়গুলোও উঠে আসতে পারে।
তিনি আরও জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। তবে কার কার সঙ্গে এসব বৈঠক হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বহুপক্ষীয় ফোরামে এ ধরনের বৈঠক অনেক সময় শেষ মুহূর্তেও নির্ধারিত হয় বলে উল্লেখ করেন তিনি।