মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়বীমার ৫৭ শতাংশ দাবি এখনও বকেয়া, গ্রাহকের টাকা ফেরাতে কঠোর পদক্ষেপ

বীমার ৫৭ শতাংশ দাবি এখনও বকেয়া, গ্রাহকের টাকা ফেরাতে কঠোর পদক্ষেপ

favicon
ভোরের আলো ডেস্ক:
বীমার ৫৭ শতাংশ দাবি এখনও বকেয়া, গ্রাহকের টাকা ফেরাতে কঠোর পদক্ষেপ

ব্যাংকিং খাতের মতো দেশের বীমা খাতেও দীর্ঘদিন ধরে অনিয়ম ও লুটপাটের অভিযোগ রয়েছে। এর ফলে বিপুলসংখ্যক গ্রাহক তাদের বীমা দাবির টাকা সময়মতো ফেরত পাচ্ছেন না। বকেয়া এসব দাবি দ্রুত পরিশোধে বীমা কোম্পানিগুলোকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


অর্থমন্ত্রী জানান, দেশের প্রায় ৫৭ শতাংশ বীমা দাবি এখনও অপরিশোধিত রয়েছে। গ্রাহকদের দাবি পরিশোধ না করে কিছু বীমা কোম্পানি নিজেদের সম্পদ বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


তিনি বলেন, বীমা কোম্পানিগুলোকে বকেয়া দাবি পরিশোধের জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।


আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখা গেলে বীমা খাতের প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে ফিরে আসবে।


বীমা খাতে তদারকি ব্যবস্থায় পরিবর্তন আনার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে সব বীমা কোম্পানিকে অটোমেশনের আওতায় আনা হবে এবং কোম্পানিগুলোর সব ধরনের লেনদেন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা করা হবে।


তিনি আরও বলেন, বীমা খাতের কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার জনবল বাড়ানো এবং কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।