মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে সার্বিকভাবে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


সোমবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।


এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


এদিকে সোমবার দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রাজধানী ও আশপাশের এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে। আর সর্বনিম্ন ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে।


ঢাকায় সোমবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।