ঢাকায় ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টি, বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, এ সময়ে ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২ মিনিটে সূর্যাস্ত হবে। আর বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে সূর্যোদয় হবে।