মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালতজুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র, প্ররোচনা ও উসকানির অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আজ ঘোষণা করা হবে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন।


এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এর বেঞ্চ রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।


মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ।


অভিযোগে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশনা, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন বৈঠকে সহিংসতার পরিকল্পনা, সশস্ত্র হামলা এবং দমন-পীড়নের সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন বলেও রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে।


আজকের রায়ে সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।


চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় হত্যাকাণ্ডের বিষয়ে মোট ২৯ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্কের সময় বিভিন্ন ডিজিটাল তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। এছাড়া হত্যাকাণ্ডের নির্দেশনা-সংক্রান্ত ১৪টি ফোনালাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।


সব পক্ষের বক্তব্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আজ মামলাটির রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।