আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল
আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবেই তাদের দায়িত্ব পালন করছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে যানজট নিরসন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে দেশের মানুষ সুবিচার পেয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজধানীর যানজট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যানজটের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে।
তিনি জানান, যানজট নিরসনে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নগরীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অটোরিকশা বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার অটোরিকশা বন্ধের পক্ষে নয়। তবে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।