ভারতে বিশ্বকাপ না যাওয়ার সিদ্ধান্তটি আমারই ছিল: আসিফ নজরুল
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তটি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা হিসেবে মূলত নিজের নেওয়া সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে তিনি এর আগেও একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন। এ কারণে এতদিন পর ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রকাশের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আসিফ নজরুলের দাবি, উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। একই সঙ্গে বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদ হিসেবেও ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা তৈরি হয়েছিল বলে জানান তিনি।
তিনি আরও দাবি করেন, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অমূলক ছিল না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রাথমিক একটি প্রতিবেদনে ভারতে নিরাপত্তা ঝুঁকির কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছিল বলেও দাবি করেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা।
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত ও প্রতিবেদন প্রকাশের পর নিজের অবস্থান পরিষ্কার করতে এসব বক্তব্য দেন আসিফ নজরুল।