সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি-ইয়েমেন সংঘাতসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। খবর আল-জাজিরার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থ ও স্থাপনা লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইনের কারণে মার্কিন নাগরিকদের বিভিন্ন ঝুঁকির মুখে পড়তে হতে পারে।
সৌদি আরবের কয়েকটি অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তুলনামূলক বেশি বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ ‘লেভেল ৪—ভ্রমণ করবেন না’ সতর্কতা বহাল রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের ভ্রমণ সতর্কতায় ইয়েমেনের চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির কারণে নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।