বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বতারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ, স্পষ্ট করল ভারত

তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ, স্পষ্ট করল ভারত

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ, স্পষ্ট করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।


নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।


তিনি বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ না হলেও বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে ১৮তম ব্রিকস সম্মেলনের বিশেষ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল।


গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, ব্রিকসের বিশেষ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেওয়া হয়নি; বরং বিমসটেকের চেয়ার হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।


তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন জানিয়েছে, বিমসটেকের চেয়ার হিসেবে আমন্ত্রণের পাশাপাশি তারেক রহমানকে আলাদাভাবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানানো হয়েছিল।


### বহাল রয়েছে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ


ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে।


এর আগে গত ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে ভারতের লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা ঢাকা সফর করেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অভিনন্দনপত্র তারেক রহমানের কাছে পৌঁছে দেন। একই সঙ্গে তাকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণও জানান।


অন্যদিকে বাংলাদেশ সরকার আগেই জানিয়েছিল, বহুপক্ষীয় কোনো সম্মেলনে অংশ নেওয়ার চেয়ে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরকে বেশি গুরুত্ব দিচ্ছে। সুবিধাজনক সময়ে ওই সফর আয়োজনের বিষয়ে কাজ চলছে বলেও জানানো হয়েছিল।


### অমীমাংসিত ইস্যুতে টানাপোড়েন


দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু অমীমাংসিত বিষয় এখনো আলোচনায় রয়েছে। এর মধ্যে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান, তার প্রত্যর্পণ এবং পানি ভাগাভাগির মতো বিষয় উল্লেখযোগ্য।


এসব ইস্যু নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছুটা টানাপোড়েনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া ভারতের দুটি পৃথক আমন্ত্রণের বিষয়টি নতুন করে সামনে এলো।