সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠন ভোটারদের পিঠে ছুরিকাঘাত: ইয়াইর গোলান

নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠন ভোটারদের পিঠে ছুরিকাঘাত: ইয়াইর গোলান

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠন ভোটারদের পিঠে ছুরিকাঘাত: ইয়াইর গোলান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের উদ্যোগকে ভোটারদের পিঠে ছুরিকাঘাতের শামিল বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়াইর গোলান। এ পরিস্থিতিতে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।


রোববার (২২ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ‘ডেমোক্র্যাটস’ পার্টির নেতা গোলান বলেন, ‘চেঞ্জ ব্লক’ বা পরিবর্তন জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর তৃতীয় সপ্তাহে পৌঁছালেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এতে নেতানিয়াহুর নেতৃত্বে আবারও সরকার গঠনের বাস্তব আশঙ্কা তৈরি হয়েছে।


গোলান বলেন, যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই ছিল জনগণের প্রতি জোট নেতাদের প্রধান অঙ্গীকার। যারা এই অঙ্গীকার পূরণে বাধা সৃষ্টি করবেন, তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।


তিনি সংখ্যালঘু সরকার গঠনকে বর্তমান পরিস্থিতিতে একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে উল্লেখ করেন। নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের যেকোনো উদ্যোগ ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলেও মন্তব্য করেন তিনি।


গোলান আরও বলেন, পরিবর্তন জোটের নেতারা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যেই নির্বাচিত হয়েছেন, তার সঙ্গে সরকার গঠনের জন্য নয়। এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে তার দল অবস্থান নেবে।


অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে গোলান বলেন, সহযোগিতার বিষয়ে সর্বসম্মত কাঠামো তৈরি না হলে এসব আলোচনাকে সরকার গঠনের পূর্বশর্ত করা উচিত নয়। একই সঙ্গে আরব দল ‘জয়েন্ট লিস্ট’-এর সঙ্গে সমঝোতার সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।


দলটির সঙ্গে সহযোগিতার পথ কোনো অজুহাতে বন্ধ করা উচিত নয় উল্লেখ করে গোলান বলেন, মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ‘ইউনাইটেড আরব লিস্ট’-এর সঙ্গে তার দলের চমৎকার অংশীদারিত্ব রয়েছে।


উল্লেখ্য, গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ পরিবর্তন জোটের নেতা গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। সরকার গঠনের জন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।


আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে নেসেটের অন্য কোনো সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে তিনি ২৮ দিন সময় পাবেন।