রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › কানাডার পার্লামেন্টারি ডিনারে ট্রাম্পের ছদ্মবেশে শিল্পী, কার্নিকে নিয়ে কৌতুক

কানাডার পার্লামেন্টারি ডিনারে ট্রাম্পের ছদ্মবেশে শিল্পী, কার্নিকে নিয়ে কৌতুক

favicon
ভোরের আলো ডেস্ক:
কানাডার পার্লামেন্টারি ডিনারে ট্রাম্পের ছদ্মবেশে শিল্পী, কার্নিকে নিয়ে কৌতুক

কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে হাজির হন এক অভিনয়শিল্পী। এ সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে নিয়ে নানা রসিকতা করেন তিনি। পাশাপাশি ট্রাম্পের পরিচিত করমর্দনের ভঙ্গিও অনুকরণ করেন ওই শিল্পী।


শনিবার (২১ নভেম্বর) অটোয়ায় বার্ষিক এ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রতিবছর আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনীতিবিদেরা একত্র হন। রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যঙ্গ-রসিকতা ও হাস্যরসাত্মক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্‌যাপন করা হয়।


ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে উঠে ওই শিল্পী বলেন, ‘ফেক নিউজ। এখানে দুজন কার্নি আছেন। এটাতো একেবারে বিপর্যয়। বিষয়টি কি অবিশ্বাস্য নয়? দুজন কার্নি! তিনি এতটাই জনপ্রিয়, প্রায় আমার মতোই।’


এ সময় জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হিটেড রাইভালরি’র প্রসঙ্গও টানেন তিনি। পরে মার্ক কার্নির শারীরিক গঠন নিয়েও কৌতুকপূর্ণ মন্তব্য করেন।


অনুষ্ঠানে ট্রাম্পের মতো শক্তভাবে হাত মেলানোর ভঙ্গিও অনুকরণ করেন ওই শিল্পী।


উল্লেখ্য, কানাডার পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদদের অন্যতম বার্ষিক আয়োজন। এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গ-রসিকতা ও বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়।