ইরানের নেতৃত্ব আগের চেয়ে নমনীয়, তবে সমঝোতা কঠিন: ট্রাম্প
ইরানের বর্তমান নেতৃত্ব আগের তুলনায় কিছুটা বেশি নমনীয় হলেও দেশটির সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দীর্ঘস্থায়ী ও স্থায়ী চুক্তি করতে চান বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা আগের তুলনায় সহজ হতে পারে। তবে তাদের প্রতিশ্রুতির ওপর নির্ভর করা কঠিন।
ইরানের নেতৃত্ব সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এই ব্যক্তিরা সম্ভবত আগের চেয়ে বেশি বাস্তববাদী। কিন্তু তাদের সঙ্গে সমঝোতা করা খুব, খুব কঠিন। আমরা একটি চুক্তিতে পৌঁছাই, আর পরদিনই তারা সেটি লঙ্ঘন করে।’
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে এমন একটি পারমাণবিক চুক্তি করতে চান বলে জানান ট্রাম্প, যা তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার পরও কার্যকর থাকবে। চুক্তিটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী হওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন এলেও ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে চান তিনি।
তিনি বলেন, ‘আমি যা করছি, তা হলো নিশ্চিত করা যে চার, ১৫ কিংবা ২০ বছর পরও যদি আমাদের কোনো অযোগ্য প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন, তবু আমার করা চুক্তিটি স্থায়ী থাকবে। আমি কাউকেই তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে দেব না।’
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ইতোমধ্যে দুইবার ইরানের নেতৃত্ব পরিবর্তন করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র দেশটির তৃতীয় নেতৃত্বের সঙ্গে কাজ করছে। এ পরিস্থিতিকে তিনি ‘চূড়ান্ত পর্যায়ের সরকার পরিবর্তন’ বলেও উল্লেখ করেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। দেশটির পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে স্থায়ী সমঝোতার ওপর জোর দিচ্ছেন ট্রাম্প।