রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › মাফিয়া হত্যাকাণ্ডের তদন্তের মুখে ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা

মাফিয়া হত্যাকাণ্ডের তদন্তের মুখে ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:

ইতালির সাবেক জাতীয় পুলিশপ্রধান জিয়ান্নি দে জেন্নারোর মৃত্যুতে দেশটির আলোচিত মাফিয়াবিরোধী বিচারক পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডের তদন্ত ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১৯৯২ সালের ওই হত্যাকাণ্ডের তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগে তদন্তের মুখে থাকা ৭৮ বছর বয়সী দে জেন্নারার আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।


শনিবার (২১ নভেম্বর) তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তুস্কানি অঞ্চলে নিজের গ্রামের বাড়িতে তাঁর মরদেহ পাওয়া যায় বলে ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে।


দে জেন্নারার মৃত্যুর মধ্য দিয়ে ইতালির ইতিহাসের অন্যতম বিতর্কিত মাফিয়া হত্যাকাণ্ডের তদন্তে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে বোরসেলিনো হত্যার প্রকৃত ঘটনা এবং তদন্তকে বিভ্রান্ত করার পেছনে কারা জড়িত ছিলেন, তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।


২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইতালির জাতীয় পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দে জেন্নারো। দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কর্মকর্তা ছিলেন তিনি। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে সিসিলির কুখ্যাত কোসা নস্ত্রা মাফিয়াবিরোধী অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


তবে সম্প্রতি ১৯৯২ সালে পালেরমোতে গাড়িবোমা হামলায় মাফিয়াবিরোধী বিচারক পাওলো বোরসেলিনো ও তাঁর নিরাপত্তায় থাকা পাঁচ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা তদন্তে দে জেন্নারোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে।


সিসিলির কালতানিসেত্তার সরকারি কৌঁসুলিরা তাঁকে গৃহবন্দি রাখার আবেদন করেছিলেন। অভিযোগ ছিল, হত্যাকাণ্ডের তদন্তে বিভ্রান্তি সৃষ্টি করার প্রচেষ্টার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে একজন বিচারক ওই আবেদন খারিজ করে দেন। পরে সরকারি কৌঁসুলিরা সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল।


দে জেন্নারো তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁর আইনজীবী ফ্রানচেস্কো বের্তোরোত্তা ইতালির সংবাদপত্র লা রিপাবলিকাকে জানান, সপ্তাহের মধ্যে তাঁর মক্কেলের সঙ্গে কথা হয়েছিল। অভিযোগের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের লড়াই চালিয়ে যাচ্ছিলেন।


ইতালির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে খোঁজ শুরু করেন। পরে তুস্কানির গ্রোসেতো প্রদেশে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।


ঘটনাটি তদন্ত করছে গ্রোসেতো প্রদেশের সরকারি কৌঁসুলিরা। দেশটির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, আত্মহত্যায় প্ররোচনার সন্দেহে তদন্ত শুরু হয়েছে। তাঁর বাড়ি থেকে পরিবারের সদস্যদের উদ্দেশে লেখা কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেগুলো বিদায়বার্তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আরও কিছু নথিও পাওয়া গেছে।


তবে মৃত্যুর প্রকৃত পরিস্থিতি এবং চলমান তদন্তের সঙ্গে এর কোনো প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।


১৯৯২ সালের ১৯ জুলাই পালেরমোতে গাড়িবোমা বিস্ফোরণে বিচারক পাওলো বোরসেলিনো ও তাঁর নিরাপত্তায় থাকা পাঁচ পুলিশ সদস্য নিহত হন। এর আগে একই বছরের ২৩ মে গাড়িবোমা হামলায় নিহত হন আরেক মাফিয়াবিরোধী বিচারক জিওভান্নি ফ্যালকোনে। দুই বিচারকই সিসিলির সংগঠিত অপরাধচক্রের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।


বোরসেলিনো হত্যাকাণ্ডের পর কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হলেও পরে তাঁদের নির্দোষ প্রমাণিত করা হয়। তদন্তে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অভিযোগও উঠে আসে। হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী এবং তদন্তকে বিভ্রান্ত করার পেছনে কারা জড়িত ছিলেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছে।


দে জেন্নারোর মৃত্যুর পর বিচারক বোরসেলিনোর ছেলে মানফ্রেদি বোরসেলিনো আশঙ্কা প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের সত্য উদ্‌ঘাটনের পথে গুরুত্বপূর্ণ একটি সূত্র হারিয়ে গেল। তাঁর মতে, সত্যের আরও একটি অংশ হয়তো দে জেন্নারোর সঙ্গে চলে গেছে।


ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দেশটির উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেন, একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য দেশে বিচার পরিচালিত হয় আদালতে, এর বাইরে নয়।


দে জেন্নারো তাঁর দীর্ঘ কর্মজীবনে মাফিয়াবিরোধী অভিযান, গোয়েন্দা কার্যক্রম ও জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিচারক জিওভান্নি ফ্যালকোনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার পাশাপাশি মাফিয়া চক্রের গুরুত্বপূর্ণ তথ্যদাতা তোমাসো বুসেত্তাকে ব্রাজিল থেকে ইতালিতে ফিরিয়ে আনার প্রক্রিয়ায়ও যুক্ত ছিলেন।


পরবর্তী সময়ে ইতালির অ্যান্টি-মাফিয়া ইনভেস্টিগেটিভ ডিরেক্টরেটের প্রধান, জাতীয় পুলিশপ্রধান এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বিভাগের নেতৃত্ব দেন তিনি। ২০১৩ সালে রাষ্ট্রনিয়ন্ত্রিত মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা ফিনমেকানিকার চেয়ারম্যান হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।


তবে ২০০১ সালে জেনোয়ায় জি-৮ সম্মেলন ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা নিয়েও তাঁর কর্মজীবনে বিতর্ক ছিল।


বোরসেলিনো হত্যাকাণ্ডের তদন্তে দে জেন্নারোর নাম জড়িয়ে পড়া এবং বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাঁর মৃত্যু হওয়ায় ইতালির এই ঐতিহাসিক হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


সূত্র: রয়টার্স