আবারও হ্যাকিংয়ের শিকার এফবিআই, এবার অপরাধের তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের চেষ্টা
মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আবারও সাইবার হামলার শিকার হয়েছে। এবার সংস্থাটির দেশব্যাপী অপরাধসংক্রান্ত তথ্যভাণ্ডারে সম্ভাব্য অনুপ্রবেশের ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ।
তদন্তের বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এফবিআইয়ের অপরাধসংক্রান্ত তথ্যভাণ্ডারে হ্যাকারদের অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে।
এই তথ্যভাণ্ডার ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।
সম্ভাব্য হ্যাকারদের ‘ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার’ (এনসিআইসি)-তে অনুপ্রবেশের ঘটনা সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের দ্বিতীয় ঘটনা। গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধসংক্রান্ত তথ্য এবং ব্যক্তিগত পটভূমি যাচাইয়ের তথ্য আদান-প্রদানে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তথ্যভাণ্ডার ব্যবহার করে।
ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় একের পর এক বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের পর যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই নতুন করে এই অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে।
বৃহস্পতিবার সর্বশেষ সাইবার নিরাপত্তা ঘটনার বিষয়ে জানার পর এফবিআই পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে সংস্থাটির সাইবার নিরাপত্তা কার্যক্রমের সাফল্য তুলে ধরেন। কয়েক মাস আগে পরিচালিত একটি অভিযানের বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদ করতে উৎসাহিত করা এবং হ্যাকারদের হাত থেকে সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখাই ছিল ওই অভিযানের উদ্দেশ্য।
দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রধান সিস্টেমগুলো হালনাগাদ করার জন্য বর্তমান প্রশাসনের প্রশংসা করে প্যাটেল বলেন, ‘অন্যান্য প্রশাসনও এই হালনাগাদ করতে পারত, কিন্তু তারা করেনি। আমরা সময়ের চেয়ে এগিয়ে থাকছি এবং হারানো সময় পুষিয়ে নিচ্ছি।’
সাইবার অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে তদন্তের নেতৃত্ব দেওয়া এফবিআইয়ের একজন সাবেক কর্মকর্তা সিএনএনকে বলেন, এনসিআইসি তথ্যভাণ্ডার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ব্যবস্থা।
তিনি বলেন, প্রতিদিন সারা দেশের কর্মকর্তারা পলাতক আসামিদের শনাক্ত করতে, গ্রেপ্তারি পরোয়ানা যাচাই করতে এবং কর্মকর্তা ও জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পেতে এই তথ্যভাণ্ডারের ওপর নির্ভর করেন।
ওই সাবেক কর্মকর্তার উদ্বেগ শুধু হ্যাকাররা সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে পেরেছে কি না, তা নিয়ে নয়। বরং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ব্যবহৃত তথ্যের নির্ভুলতা নষ্ট করতে পেরেছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
গত সেপ্টেম্বরে ‘শাইনিহান্টার্স’ নামের একটি সাইবার অপরাধী গোষ্ঠীর হামলায় এফবিআইয়ের একটি চাকরিসংক্রান্ত ওয়েবসাইট থেকে কর্মীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য লক্ষ্যবস্তু করা হয়েছিল। ওই তথ্য চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কানাডার একজন সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই ঘটনার পর এফবিআইয়ের কিছু কর্মী তাঁদের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সে বিষয়ে পর্যাপ্ত তথ্য না পাওয়ার অভিযোগ করেছিলেন। পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তায় দেওয়া সহায়তাও অপর্যাপ্ত বলে মনে করেছিলেন তাঁরা।
এর আগে ২০২৩ সালে হ্যাকাররা এফবিআইয়ের নিউইয়র্ক ফিল্ড অফিসের একটি কম্পিউটার ব্যবস্থায় অনুপ্রবেশ করেছিল। ওই ব্যবস্থাটি শিশুদের যৌন শোষণসংক্রান্ত তদন্তে ব্যবহৃত হতো। ফলে ধারাবাহিক এসব সাইবার হামলা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।