রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইসরায়েলে গাড়িতে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান

ইসরায়েলে গাড়িতে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েলে গাড়িতে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান

ইসরায়েলের আরব-অধ্যুষিত তিরা শহরে গাড়িতে বোমা বিস্ফোরণে হায়া কাসেম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সাত ও দুই বছর বয়সী দুই সন্তান সামান্য আহত হয়েছে।


দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গভীর রাতে শহরের কেন্দ্রস্থলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে শিশু দুটিকে উদ্ধার করেন। পরে উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় হায়া কাসেমকে গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


পুলিশের প্রাথমিক ধারণা, এ হামলার পেছনে কোনো জাতিগত বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গেও নিহত নারীর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।


হায়ার এক বন্ধু স্থানীয় সংবাদমাধ্যম ইয়েনেটকে জানান, তিনি বিভিন্ন স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করতেন। তিনি অত্যন্ত সৎ ও সম্মানিত মানুষ ছিলেন।


ইসরায়েলের আরব-অধ্যুষিত এলাকাগুলোতে কয়েক বছর ধরেই সহিংস অপরাধ বাড়ছে। এই বিস্ফোরণের আগের ২৪ ঘণ্টায় আরারা, জাফা ও উম্ম আল-ফাহম শহরে পৃথক তিনটি গুলির ঘটনায় তিন আরব পুরুষ নিহত হন। এর কয়েক দিন আগে কাফর মান্দা শহরে একটি মিষ্টির দোকানে গ্রেনেড হামলায় এক নারী এবং তাইবেহ শহরে গুলিতে এক ব্যক্তি নিহত হন।


সহাবস্থানবিষয়ক সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভসের তথ্য অনুযায়ী, চলতি বছর ইসরায়েলে সহিংসতায় নিহত আরব নাগরিকের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ২৫২, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।


ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব হলেও দেশটির মোট হত্যাকাণ্ডের ৮০ শতাংশের বেশি এই জনগোষ্ঠীর মধ্যে সংঘটিত হচ্ছে বলে সংগঠনটির তথ্যে উল্লেখ করা হয়েছে।