রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠনের সদস্যদের কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার প্রতিবাদে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) সংগঠনটির প্রকাশ করা ভিডিওতে হায়দরাবাদে মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের দৃশ্য দেখা যায়। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে মেটার সবচেয়ে বড় বাজার ভারতে এ ঘটনাকে কেন্দ্র করে প্রযুক্তি প্রতিষ্ঠানটির সঙ্গে রাজনৈতিক দলটির বিরোধ আরও তীব্র হয়েছে। খবর রয়টার্সের।


বিক্ষোভের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মেটা। তবে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আপত্তিকর মনে হওয়া কনটেন্ট সরাতে কঠোর পদক্ষেপ এবং এর ফলে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নিয়ে আলোচনা বাড়ছে।


মোদি সরকারের দাবি, স্থানীয় আইন লঙ্ঘন করে কিংবা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অনলাইনে বিরোধী মত দমনে তাদের দলের অ্যাকাউন্ট ও কনটেন্ট সরিয়ে দিচ্ছে এবং মোদি সরকারকে সুবিধা দিচ্ছে।


মেটার বক্তব্য, ভারতে স্থানীয় আইন মেনেই কনটেন্ট সীমাবদ্ধ করা হয়।


### **মেটার কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির**


বিক্ষোভের সমালোচনা করেছেন ক্ষমতাসীন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি। শনিবার তিনি অভিযোগ করেন, কংগ্রেস হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুর ও ক্ষতিসাধন করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারও করছে।


এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এটাই কংগ্রেস মডেল: বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর করা।’


এ বিষয়ে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।


শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে মেটার কার্যালয় থাকা ভবনে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। ভারতীয় যুব কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এ সময় তারা গাছের টব ভাঙচুর করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।