রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ক্রিমিয়া সেতুতে হামলার জবাবে ইউক্রেনে রাশিয়ার পাল্টা হামলা, নিহত ৮

ক্রিমিয়া সেতুতে হামলার জবাবে ইউক্রেনে রাশিয়ার পাল্টা হামলা, নিহত ৮

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্রিমিয়া সেতুতে হামলার জবাবে ইউক্রেনে রাশিয়ার পাল্টা হামলা, নিহত ৮

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার জবাবে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় রাজধানী কিয়েভে ছয়জনসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।


হামলায় কিয়েভের দিনিপ্রো নদীর ওপর থাকা তিনটি সেতু এবং বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ ও রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। খবর রয়টার্সের।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) রাতভর এসব হামলা চালানো হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর কিয়েভের দুই অংশকে সংযুক্তকারী তিনটি সেতুতে এটিই সবচেয়ে বড় হামলা।


বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী কিয়েভ। নিরাপদ আশ্রয়ের জন্য বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে অবস্থান নেন।


কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে জানান, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ছিল পোদিলস্কো-ভস্ক্রেসেনস্কি, দারনিৎস্কি ও পিভদেনি সেতু। এ সময় তিনি বাসিন্দাদের গাড়ি নিয়ে কাজে বের না হওয়ার আহ্বান জানান।


যুদ্ধ শুরুর আগে কিয়েভের প্রায় ৩০ লাখ বাসিন্দার এক-তৃতীয়াংশের বেশি দিনিপ্রো নদীর পূর্ব তীরে বা ‘বাম তীরে’ বসবাস করতেন। তবে তাদের অধিকাংশই কাজ করেন নদীর পশ্চিম তীরে বা ‘ডান তীরে’, যেখানে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানির অধিকাংশ কার্যালয় অবস্থিত।


ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রায় সবগুলোই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা। এ ছাড়া অনির্দিষ্টসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪০০টির বেশি আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয়েছে।


ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেৎস্কি জানান, হামলায় নিহত আটজনের মধ্যে ছয়জন কিয়েভের বাসিন্দা। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের একটি রেলস্টেশনে হামলায় আরও দুজন নিহত হয়েছেন।


এর আগে বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, ক্রিমিয়া ও রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের মধ্যে সংযোগকারী সেতুতে ইউক্রেনের হামলার কঠোর জবাব দেবে মস্কো। চলতি সপ্তাহে ওই সেতুতে এটি ছিল ইউক্রেনের তৃতীয় হামলা। রাশিয়ার সামরিক সরবরাহব্যবস্থাকে চাপে ফেলতে কয়েক মাস ধরে চলা অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।


ইউরোপের দীর্ঘতম সড়ক ও রেলসেতু হিসেবে পরিচিত ক্রিমিয়া সেতু রাশিয়ার গৌরবের প্রতীক হিসেবেও বিবেচিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের অবকাঠামো, বিশেষ করে সেতুগুলোতে রাশিয়ার হামলার জবাব হিসেবেই ক্রিমিয়া সেতুতে আঘাত হানা হয়েছে।