একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়, সাইবার নিরাপত্তাপ্রধানকে সরালো হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনার পর জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান শন কেয়ারক্রসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হোয়াইট হাউস। দায়িত্ব নেওয়ার এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই পদ হারালেন তিনি।
দেশটির ব্যাংকিং, বিমান চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ধারাবাহিক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনার পর এ সিদ্ধান্ত এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাতে বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের আস্থা হারানোর পর কেয়ারক্রসকে দায়িত্ব থেকে সরানো হয়।
শুক্রবার (২০ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কেয়ারক্রস যথেষ্ট যোগ্য ছিলেন না।
তবে সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলো সাইবার হামলার কারণে ঘটেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তা সত্ত্বেও অল্প সময়ের ব্যবধানে একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা অচল হয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিভ্রাটের কারণ স্পষ্ট করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেসের কয়েকজন সদস্য।
কেয়ারক্রসকে দায়িত্ব থেকে সরানোর বিষয়ে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
প্রথমে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস কেয়ারক্রসকে সরিয়ে দেওয়ার খবর প্রকাশ করে। এর আগে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর সক্ষমতা ঘিরে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে, উন্নত এআই মডেল বিভিন্ন প্রযুক্তিগত দুর্বলতা শনাক্ত করতে পারে, যা মানুষের পক্ষে এককভাবে খুঁজে বের করা কঠিন।
চলতি সপ্তাহের শুরুতে মার্কো রুবিও বলেছিলেন, সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটগুলোর মধ্যে কোনো যোগসূত্র থাকার সামান্যতম প্রমাণও নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র কোনো পদ্ধতিগত হামলার শিকার নয়।
তবে অল্প সময়ের মধ্যে একের পর এক প্রযুক্তিগত ব্যবস্থা অচল হয়ে পড়ায় উদ্বেগ কাটছে না। ব্যাংকিং, বিমান চলাচল নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ পরিষেবায় এ ধরনের বিভ্রাট ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যার ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক অঙ্গনে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন শন কেয়ারক্রস। পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দপ্তরেও কাজ করেছেন কেয়ারক্রস।
এরপর কিছু সময় বেসরকারি খাতে কাজ করার পর ২০২৫ সালের আগস্টে আবারও সরকারি দায়িত্বে ফেরেন তিনি। তবে এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের পদ ছাড়তে হলো তাকে।