রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › আসাদ সরকারের হাতে ২৩ হাজারের বেশি শিশু নিহত, নিখোঁজ ৩ হাজার ৭৩৬: মানবাধিকার সংস্থা

আসাদ সরকারের হাতে ২৩ হাজারের বেশি শিশু নিহত, নিখোঁজ ৩ হাজার ৭৩৬: মানবাধিকার সংস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
আসাদ সরকারের হাতে ২৩ হাজারের বেশি শিশু নিহত, নিখোঁজ ৩ হাজার ৭৩৬: মানবাধিকার সংস্থা

সিরিয়ায় ২০১১ সালে সংঘাত শুরুর পর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বাহিনী ও নিরাপত্তা সংস্থার হাতে ২৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। একই সময়ে ৩ হাজার ৭৩৬ শিশু আটক ও গুমের শিকার হয়েছে, যাদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে সিরীয় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেসামরিক জনগোষ্ঠীর মধ্যে রয়েছে। হত্যাকাণ্ডের পাশাপাশি শিশুদের নির্বিচারে আটক, নির্যাতন, গুম এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।


সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে দেওয়া সাক্ষাৎকারে এসএনএইচআরের নির্বাহী পরিচালক ফাদেল আবদুল ঘানি জানান, ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাহিনীর হাতে ২৩ হাজার ১৪৬ শিশুকে বিচারবহির্ভূতভাবে হত্যার তথ্য নথিভুক্ত করেছে সংস্থাটি। এছাড়া আটককেন্দ্রে নির্যাতনের শিকার হয়ে আরও ২২২ শিশুর মৃত্যু হয়েছে। তাঁর মতে, নথিভুক্ত এসব সংখ্যা যাচাই করা ঘটনার সর্বনিম্ন হিসাব।


সংস্থাটির হালনাগাদ তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা সংস্থাগুলো ৩ হাজার ৭৩৬ শিশুকে আটক ও গুম করেছে। এসব শিশুর অবস্থান বা ভাগ্য সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।


ফাদেল আবদুল ঘানি বলেন, নিখোঁজ ব্যক্তিদের অবস্থান বা ভাগ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত জোরপূর্বক গুম একটি চলমান অপরাধ হিসেবে বিবেচিত হয়। এর ফলে নিখোঁজ শিশুদের পরিবার দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে।


প্রতিবেদনে আরও বলা হয়, ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। একই সময়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে অন্তত ৫৬৬টি। এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ফলে একটি প্রজন্ম নিরাপদে শিক্ষা গ্রহণ ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।


নিখোঁজ শিশুদের পরিচয় ও পারিবারিক সম্পর্ক শনাক্ত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কিছু শিশুকে রাষ্ট্রীয় পরিচর্যাকেন্দ্রে পাঠিয়েছিল। এসব শিশুর প্রকৃত পরিচয় শনাক্ত এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য স্বাধীন তদন্ত প্রয়োজন।


এদিকে মা-বাবার নিখোঁজ হওয়া এবং জন্মনিবন্ধনসহ নাগরিক নথি হারিয়ে যাওয়ায় অনেক শিশুর বংশপরিচয় ও জন্ম নিবন্ধন প্রমাণ করা কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় নথি না থাকলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করাও বাধাগ্রস্ত হচ্ছে।


এসএনএইচআরের নির্বাহী পরিচালক জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, বিভিন্ন নথি ও দৃশ্যমান প্রমাণের ভিত্তিতে তৈরি মানবাধিকার তথ্যভান্ডার অপরাধ নথিভুক্ত করার পাশাপাশি দায়ীদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত চিত্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা, সামরিক, বিচার বিভাগীয় ও বেসামরিক প্রশাসনের জব্দ করা নথিপত্র হাতে আসায় নিখোঁজ শিশুদের অনুসন্ধান এবং অপরাধীদের শনাক্ত করার নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


এসব নথি সংরক্ষণ, আটককেন্দ্রের রেকর্ডে প্রবেশাধিকার এবং সিরিয়ার বিচার বিভাগ, আন্তর্জাতিক নিরপেক্ষ ও স্বাধীন তদন্তব্যবস্থা (আইআইআইএম) ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ফাদেল আবদুল ঘানি।


তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য শারীরিক ও মানসিক পুনর্বাসন, নাগরিক নথি পুনরুদ্ধার, শিক্ষায় ফিরিয়ে আনা এবং আর্থিক ক্ষতিপূরণসহ একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।