নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করাই প্রধান লক্ষ্য: লিবারম্যান
ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করাই নিজের প্রধান রাজনৈতিক লক্ষ্য বলে জানিয়েছেন ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান। তবে সরকার গঠনে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করা হলে সেই লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) ইসরায়েলের চ্যানেল ১২-এ প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন লিবারম্যান।
মার্কিন জনগণের কাছে ইসরায়েলের ভাবমূর্তি নজিরবিহীনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য হলো নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা।’ ইউনাইটেড আরব লিস্ট বা রা’আমকে শাসক জোটে অন্তর্ভুক্ত করা হলে এ লক্ষ্য ব্যাহত হবে বলেও মন্তব্য করেন তিনি।
লিবারম্যান বলেন, ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে আমেরিকানদের মধ্যে দেশটির প্রতি সমর্থনের এত বড় পতন আগে কখনো দেখা যায়নি।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে ইসরায়েল বেইতেনুসহ প্রতিদ্বন্দ্বী চেঞ্জ ব্লক পেয়েছে ৪৮টি আসন। ১২০ আসনের ইসরায়েলি সংসদ নেসেটে আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।
এর আগে গত ১১ নভেম্বর ডেমোক্র্যাট নেতা ইয়ার গোলান নেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের লক্ষ্যে আরব দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান।
তবে লিবারম্যান এমন কোনো সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন, যেখানে আরব দলগুলো অন্তর্ভুক্ত থাকবে অথবা তাদের সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠন করা হবে।