গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা ককরোচ জনতা পার্টির
ভারতের গোয়া রাজ্যে মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় নাগরিক ইশতেহার তৈরির উদ্যোগ নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ ইশতেহারে ভূমি দখল বন্ধ, বেকারত্ব নিরসন ও শিক্ষার অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
রোববার (২২ নভেম্বর) গোয়ায় আয়োজিত এক সম্মেলনে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা দেন। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ইশতেহারের প্রথম ও প্রধান এজেন্ডা হিসেবে নগর ও গ্রাম পরিকল্পনা আইন বা টিসিপি অ্যাক্টের ২৯-এ ধারা বাতিলের কথা জানিয়েছে দলটি। পাশাপাশি যেসব রাজনৈতিক দল নাগরিক ইশতেহারের সঙ্গে একমত হবে না, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।
দলটির ঘোষিত ইশতেহারে ভূমিদস্যুদের জমি দখল বন্ধ, বেকারত্বের সমস্যা সমাধান এবং শিক্ষার অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
আগামী দুই মাস ইশতেহারের খসড়া প্রস্তুত ও প্রচারণার জন্য মাঠপর্যায়ে কাজ করবে দলটি। এ সময় মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষের মতামত নিয়ে নাগরিক ইশতেহার চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে সিজেপির।