সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আইওয়ায় ৫ টন ঝুঁকিপূর্ণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আইওয়ায় ৫ টন ঝুঁকিপূর্ণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

favicon
ভোরের আলো ডেস্ক:
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আইওয়ায় ৫ টন ঝুঁকিপূর্ণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে প্রায় পাঁচ টন ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা নিয়েছে মার্কিন সেনাবাহিনী। এ বিষয়ে আদালতের অনির্দিষ্টকালের স্থগিতাদেশ থাকলেও জরুরি অনুমোদন নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিস্ফোরকগুলো নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংস করতে চায় তারা। নতুন আদালত নথিতে সেনাবাহিনীর এ পরিকল্পনার কথা উঠে এসেছে।


শনিবার (২১ নভেম্বর) আদালতে জমা দেওয়া এক আবেদনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, সেনাসদস্য ও আশপাশের জনবসতির নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


আবেদনে বলা হয়, সেনাসদস্য ও আশপাশের জনগোষ্ঠীর সুরক্ষায় সেনাবাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। মানবস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষার স্বার্থেই এখন পদক্ষেপ নেওয়া জরুরি, বিলম্ব নয়।


এর আগে পরিবেশবাদী কয়েকটি সংগঠনের করা মামলার পর বিস্ফোরক ধ্বংসের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের নির্দেশ দেন আদালত। সংগঠনগুলোর অভিযোগ, বিস্ফোরকগুলো ধ্বংসের ক্ষেত্রে আরও নিরাপদ বিকল্প পদ্ধতি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে মার্কিন সেনাবাহিনী।


আইওয়ার মিডলটাউনে অবস্থিত আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে গত শুক্রবার বিস্ফোরকগুলো ধ্বংস করার কথা ছিল। তবে আদালতের নির্দেশের পর নতুন পরিস্থিতিতে আগামী ২৪ নভেম্বরের মধ্যে জরুরি ব্যতিক্রমী অনুমোদনের আওতায় এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা করছে সেনাবাহিনী।


আদালতে নতুন করে জমা দেওয়া আবেদনে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঝুঁকি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে বিস্ফোরকগুলো নির্ধারিত স্থানে নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংস করা জরুরি। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের আশঙ্কা আরও বাড়তে পারে বলেও দাবি করেছে তারা।


আবেদনে উল্লেখ করা হয়, আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩০ ডিগ্রি ফারেনহাইটের (মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস) নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে সংরক্ষিত লেড অ্যাজাইড বিস্ফোরিত হওয়ার তাৎক্ষণিক ঝুঁকি তৈরি হতে পারে।


সেনাবাহিনীর দাবি, বিস্ফোরক সংরক্ষণের বাঙ্কারের দরজাগুলো আগেই খুলে ফেলা হয়েছে। নির্ধারিত বিস্ফোরণ কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে এ কাজ করা হয়েছিল। তবে এতে বিস্ফোরকগুলো তাপমাত্রার পরিবর্তনের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে পড়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।