ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ, নিহত ৭৬
ইয়েমেনে চলমান সংঘাত ও সহিংসতার কারণে গত আগস্টের শুরু থেকে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। একই সময়ে দেশটিতে শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সময়ে অন্তত ৭৬ জন নিহত এবং ২৪৭ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ইয়েমেনে ব্যাপক বাস্তুচ্যুতির তথ্য জানিয়েছে। এর মধ্যে তাইজ গভর্নরেটে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। সেখানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ৪৫ হাজার।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যাচাই করা তথ্য অনুযায়ী, আগস্টের শুরু থেকে দেশটিতে ৩২৩ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ৭৬ জন নিহত এবং ২৪৭ জন আহত হয়েছেন।
ডুজারিক আরও জানান, মোট হতাহতের এক-তৃতীয়াংশের বেশি এবং নিহতদের অর্ধেকই শিশু। তবে প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, সড়কে চলাচলের ওপর বিধিনিষেধের কারণে বেসামরিক মানুষের যাতায়াত ও তাইজে বাণিজ্যিক পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেন সংঘাতে জর্জরিত। ওই বছর হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের অন্যান্য এলাকা দখল করে নেয়। পরবর্তী সময়ে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করলে সংঘাত আরও বিস্তৃত হয়। দীর্ঘদিনের এই যুদ্ধ দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে।
২০২২ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর গত জুলাইয়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হয়ে ওঠে। ফলে দেশটিতে নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।