গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য ইসরায়েল দায়ী: অক্সফাম
ইসরায়েলের সামরিক অভিযানের ফলে গাজা বিষাক্ত বর্জ্যভূমিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, দূষিত পানি, বিষাক্ত মাটি ও পরিবেশ বিপর্যয়ের কারণে গাজায় ফিলিস্তিনিদের জীবন ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, তিন বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের ফলে ২৩ লাখ মানুষের এই ভূখণ্ডে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। পানি ও মাটিতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন বিষাক্ত উপাদান, যা স্থানীয় বাসিন্দাদের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের ব্যবহৃত বিস্ফোরক ও অগ্নিসংযোগকারী অস্ত্রের কারণে গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় পরিবেশদূষণ ছড়িয়ে পড়েছে।
অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার অংশ হিসেবে পরিবেশের ওপরও সামরিক হামলা চালানো হচ্ছে। তাঁর ভাষায়, এসব কর্মকাণ্ড পরিবেশগত যুদ্ধাপরাধের শামিল। এর প্রভাব শুধু বর্তমান প্রজন্মের ওপর নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবনকেও হুমকির মুখে ফেলছে।
এক বিবৃতিতে তিনি আরও বলেন, গাজার অবকাঠামো ও পরিবেশ ধ্বংস এবং দূষণের ফলে মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশগত পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনের আওতায় ইসরায়েলের আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের শামিল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অমিতাভ বেহার জানান, গাজার ফিলিস্তিনিরা বিভিন্নভাবে বিষাক্ত উপাদানের সংস্পর্শে আসছেন। শ্বাস নেওয়ার বাতাস, খাদ্য ও পানির পাশাপাশি দূষিত মাটি এবং ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শেও তাঁদের শরীরে ক্ষতিকর পদার্থ প্রবেশ করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের বোমাবর্ষণে ভবন ও স্থাপনা ধ্বংসের পাশাপাশি গাজার প্রাকৃতিক পরিবেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাতাস, মাটি, খাদ্য ও পানির নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
বিশেষ করে বোমাবর্ষণ, অগ্নিকাণ্ড, ধ্বংসস্তূপ এবং অপরিশোধিত পয়োবর্জ্য থেকে ছড়িয়ে পড়া দূষিত পদার্থ বিভিন্ন মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। দূষিত বাতাসের মাধ্যমে এসব পদার্থ ফুসফুসে পৌঁছাচ্ছে, পানির সঙ্গে শরীরে প্রবেশ করছে এবং খাদ্যশৃঙ্খলেও ছড়িয়ে পড়ছে।
এ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেছে অক্সফাম। দূষণের উৎস শনাক্ত করার পাশাপাশি এর ঝুঁকি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।